আবিদ হাসান
কুলিয়ারচর প্রতিনিধি
দৈনিক বাংলাদেশের ভোর।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনের অন্তর্গত কুলিয়ারচরে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রচারণামূলক ‘ভোটের গাড়ি’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা, সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর দুইটার দিকে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আদিলুর রহমান খান বলেন, “নির্বাচনের গুরুত্ব ও ভোটাধিকার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটারদের উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ইয়াসিন খন্দকার স্বাগত বক্তব্য রাখেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
জনসাধারণের পক্ষ থেকে বক্তব্য রাখেন বীর কাশিমনগর এফ.ইউ. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম এবং লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমান হাসাইনী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলজিইডির চিফ ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন, ডিপিএইচই’র উপ-পরিচালক প্রকৌশলী মো. আব্দুল আউয়াল, উপ-পরিচালক (স্থানীয় সরকার) উপ-সচিব জেবুন নাহার শামী, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফয়জুল ইসলাম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুন্নবীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ মাহমুদুল হাসান জয়ের পরিবারের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী জনসচেতনতা ও নির্বাচনী আমেজ তৈরিতে এই ভোটের গাড়ির প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই কার্যক্রম সারা দেশে সম্প্রসারণ করা হবে বলেও জানা গেছে।







