মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি
দৈনিক বাংলাদেশের ভোর।
নড়াইল পৌরসভার চরের ঘাট এলাকায় থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল পৌরসভার আলাদাতপুর এলাকার চিত্রা নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আলাউদ্দীন মিলনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে সেখানে থাকা ব্যক্তিরা পুলিশকে অস্ত্র প্রদর্শন করে ভেতরে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, ডিবি ওসি আলাউদ্দীন মিলন এবং নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল আলাদাতপুর প্রেম কর্নার সংলগ্ন চিত্রা নদীর পাড়ের চারপাশ ঘিরে ফেলে।
এ সময় ভরাশুলা গ্রামের সৈয়দ ওলিয়ার রহমানের ছেলে হিরো, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের কোটাকোল গ্রামের আতিয়ার মোল্লার ছেলে ইকবাল হোসেন মোল্লা এবং সিমাখালী গ্রামের ইউনুছ শরীফের ছেলে সালমান শরীফকে গ্রেপ্তার করা হয়।
পরে নদীর পাড়ে নির্মিত একটি ঝুপড়ি ঘরে তল্লাশি চালিয়ে পাঁচটি বিদেশি মদের খালি বোতল, সেভেন গিয়ার চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৫৯ হাজার ৫০০ টাকা এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশের ওসি আলাউদ্দীন মিলন ও নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও অন্যান্য সামগ্রীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।







