মোঃ আল আমিন
স্টাফ রিপোর্টার
দৈনিক বাংলাদেশের ভোর।
গাজীপুরের শ্রীপুর উপজেলার সোহাদিয়া জামালুল কুরআন মোমতাজিয়া মাদ্রাসা মসজিদে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। শনিবার রাতে এই মহিমান্বিত রজনী উপলক্ষে আয়োজিত মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শবে কদরের ফজিলত ও করণীয় আমল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট আলেম হযরত হাফেজ মাওলানা আবুল কালাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এই রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। প্রতিটি মুহূর্ত ইবাদত ও তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ।”
রাতভর নফল নামাজ, জিকির ও কোরআন তিলাওয়াত শেষে শরিফ বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব শরীফ মোমতাজ উদ্দিনের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের সময় এক অভূতপূর্ব আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়; গুনাহ মাফ ও আল্লাহর রহমত কামনায় শত শত মুসল্লিকে অশ্রুসিক্ত নয়নে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রীসহ দেশের নেতৃত্বের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও বর্তমান বিশ্বের বিভিন্ন প্রান্তের সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি থেকে মানবজাতির মুক্তি এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে আকুল আবেদন জানানো হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। ধর্মীয় অনুভূতির পাশাপাশি ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল এই বিশেষ আয়োজন।







