আবিদ হাসান
কুলিয়ারচর প্রতিনিধি
দৈনিক বাংলাদেশের ভোর।
আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশ ব্যাপক সতর্কতা অবলম্বন করেছে। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয়েছে চেকপোস্ট, চলছে বিশেষ অভিযান।
রোববার (৯ নভেম্বর) দুপুরে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, কুলিয়ারচর থানা পুলিশ সন্দেহভাজন যানবাহন থামিয়ে যাত্রী, চালক ও সহযাত্রীদের দেহ তল্লাশি করছে। গাড়ির ভেতরও চলছে তল্লাশি অভিযান। এ সময় পুলিশ সদস্যদের বিভিন্ন কৌশলে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়—তারা কেউ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন কিনা। পাশাপাশি গাড়িতে কোনো অবৈধ অস্ত্র, ব্যানার বা লিফলেট রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হয়।
এ সময় পথচারীদেরও সন্দেহ হলে তাদের ব্যাগ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। স্থানীয়রা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ তৎপরতায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কিছুটা বেড়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও আকস্মিক মিছিলের ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণার পর থেকেই গোয়েন্দা তৎপরতা ও টহল বৃদ্ধি করা হয়েছে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন,
যে কোনো নাশকতা ও সহিংসতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ১৩ নভেম্বরকে ঘিরে সারাদেশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। কুলিয়ারচরেও তার ব্যতিক্রম নয়







