ডেস্ক নিউজ
দৈনিক বাংলাদেশের ভোর।
আর্জেন্টিনা-মিশর ম্যাচে পক্ষপাতের অভিযোগ নাকচ: ফিফার প্রধান রেফারিং
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর মিসরের তোলা পক্ষপাতের অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইজি কলিনা। তিনি বলেছেন, বিশ্বকাপের রেফারিরা সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করেন এবং তাদের সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (৯ জুলাই) ফিফার ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে কলিনা বলেন, ফুটবলে রেফারির সিদ্ধান্ত নিয়ে আলোচনা ও সমালোচনা স্বাভাবিক। তবে ভিত্তিহীন অভিযোগ শুধু রেফারিদের নয়, তাদের পরিবারকেও হুমকির মুখে ফেলতে পারে।

তিনি বলেন, অল্প সময়ের মধ্যে এত বেশি ম্যাচ পরিচালনা করতে গিয়ে কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হওয়া স্বাভাবিক। কিন্তু যখন এমন পরিস্থিতি তৈরি হয়, তখন রেফারিরা আরও ভালোভাবে পরবর্তী ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করেন। গঠনমূলক আলোচনা ফুটবলের অংশ হলেও ভিত্তিহীন অভিযোগের কোনো স্থান নেই।

তিনি আরও বলেন, বিশ্বকাপের কোনো ম্যাচ পরিচালনায় ফিফার রেফারিদের সততা নিয়ে প্রশ্ন তোলা যায় না। এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও রেফারিংয়ে কোনো ধরনের প্রভাব খাটাতে পারেন না। ম্যাচ কর্মকর্তারা সৎ উদ্দেশ্য নিয়েই সিদ্ধান্ত নেন এবং খেলোয়াড় বা কোচদের মতো তারাও সর্বোচ্চ চেষ্টা করেন।

শেষ ষোলোয় মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ ১১ মিনিটে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।







