ঈদুল আজহায় সদরঘাটে মানুষের উপচে পড়া ভিড়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ডেস্ক নিউজ

দৈনিক বাংলাদেশের ভোর।

সদরঘাট হারিয়ে ফেলেছিল তার পুরনো জৌলুস। জমজমাট এই নৌবন্দর হয়ে গিয়েছিল অনেকটা নিথর। তবে সেই অভ্যন্তরীণ নৌবন্দরে এবারের ঈদুল আজহায় দেখা গেলো ভিন্ন দৃশ্য।

পদ্মার ওপার থেকে ভেসে আসা ঈদের আনন্দধ্বনির লহরিতে গা ভাসাতে ঢাকা ছাড়ছে লাখো মানুষ! যানজটমুক্ত, আরামদায়ক আর চিরচেনা সেই শাশ্বত রূপ ফিরে পেয়েছে।
সড়ক পথের আধুনিক ডামাডোলের মাঝেও নদীর সেই আদিম টান যে এখনো কতখানি জীবন্ত, তার প্রমাণ মিলল এবার সদরঘাটে। উদ্বোধনের পর পদ্মা সেতু যে সদরঘাটকে মোটামুটি স্তব্ধ করে দিয়েছে, এবারের ঈদুল আজহা যেন সেই মায়াবী ঘাটের বুকে ফিরিয়ে এনেছে প্রাণের স্পন্দন। চিরচেনা সেই উপচেপড়া ভিড় আর লঞ্চের সাইরেন জানান দিচ্ছে, বাঙালির নদীপ্রেম কখনো মরে যাওয়ার নয়।

মে মাসের ঝড় তুফানের ক্ষণেও সদরঘাট অন্যরকম উৎসবের চাদরে মোড়ানো।

ঈদের ছুটির ক্ষণেই সদরঘাট টার্মিনালে নামে মানুষের ঢল। গত কয়েক বছরের নিস্তব্ধতার বুক চিরে আজ সদরঘাট সেজেছে তার পুরোনো জাঁকজমকপূর্ণ সাজে।

দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত এই নৌ-বন্দরে পা রাখতেই চোখে পড়ে ঘরমুখী মানুষের এক অভূতপূর্ব ব্যস্ততা। একের পর এক বিশাল আকৃতির লঞ্চ যাত্রীতে পরিপূর্ণ হয়ে ঘাট ছেড়ে যাচ্ছে, নদী বক্ষে তৈরি হচ্ছে আনন্দের ঢেউ।
ঘাটের দিকে তাকালে চোখে পড়ে এক একটি আবেগঘন পারিবারিক কোলাজ। দূরপাল্লার যাত্রীরা নিজেদের সংসারটুকু যেন পোটলা-পুঁটলি করে অনেক আগেই নিয়ে এসেছেন নদীর তীরে। কেউ কাউন্টারে গিয়ে টিকিটের জন্য হন্যে হয়ে খুঁজছেন, কেউ বা শান্ত হয়ে বসে আছেন নিজের প্রিয় লঞ্চটির প্রতীক্ষায়।

বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি আর পিরোজপুরের মতো দূরবর্তী অঞ্চলের মানুষেরা যেমন আসন নিশ্চিত করতে মরিয়া, তেমনি মুন্সিগঞ্জ বা চাঁদপুরের স্বল্প দূরত্বের যাত্রীরাও এই উৎসবের স্রোতে শামিল হতে ভুলছেন না। সবমিলিয়ে ঘাটের পরিবেশ যেন এক মহা-মিলনমেলায় পরিণত হয়েছে।

ঘরমুখো যাত্রীরা বলছে, লঞ্চ যাত্রা স্বস্তিদায়ক। একটু নিরিবিলি যাওয়া যায়। সেই সাথে দুর্ঘটনার আশঙ্কাও অনেকটা কম। আবার অনেকের বাসের মতো যানবাহনে চলতেও অসুবিধা হয়। সেই জায়গা থেকে লঞ্চ অনেকটা আরামদায়ক।

তবে সদরঘাটও যে সবসময় নিরাপদ তেমনটা নয়। গত ঈদুল আজহাতেও এক নির্মম দুর্ঘটনার সাক্ষী হয়েছিল এই নৌবন্দর। তাই সতর্ক থাকার কোনো বিকল্প নেই।

অন্যদিকে, ঝড় বাদলের দিন হওয়ায় এবার আবহাওয়া নিয়েও যাত্রীদের থাকতে হচ্ছে একটু বেশিই সতর্ক। আবহাওয়া দপ্তরের দেয়া নির্দেশিকার প্রতি তাই নজর রাখতে বলছেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তর।

শেষ মুহূর্তে ঘরমুখো মানুষদের স্বস্তি দিতে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে তৎপর। তাদের চৌকস দল খেয়াল রাখছে চারিদিকে। সেই সাথে আছে নৌবন্দর সংশ্লিষ্টরাও। বিআইডব্লিউটিএও জানিয়েছেন, তারা সার্বক্ষণিক নজর রাখছেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ