আবিদ হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি
দৈনিক বাংলাদেশের ভোর।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নির্বাচনি জনসভার সার্বিক প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। তিনি জানান, আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে কটিয়াদী সরকারি কলেজ মাঠে নির্বাচনি জনসভা শুরু হবে। সকাল সাড়ে ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি আরও বলেন, সভাটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে নিরাপত্তা, শৃঙ্খলা ও ব্যবস্থাপনার সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। নির্বাচনি জনসভায় ১১ দলীয় জোটের শরিক বিভিন্ন রাজনৈতিক দলের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। পাশাপাশি জেলার ছয়টি সংসদীয় আসনের মোট ১১ জন প্রার্থীও উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, মিডিয়া ও প্রচার সেক্রেটারি শামসুল ইসলাম সেলিম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে জামায়াত আমিরের আগমনকে স্বাগত জানিয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) বাদ আসর শহরের শহীদী মসজিদ থেকে একটি স্বাগত মিছিল বের করা হবে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার এলাকায় গিয়ে শেষ হবে।







