মোঃ আল আমিন
স্টাফ রিপোর্টার
দৈনিক বাংলাদেশের ভোর।
“প্রকাশিত তালিকার অধিকাংশই ধারণানির্ভর”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী দলটি ২০৯টি আসনে বিজয়ী হয়েছে। এর মধ্য দিয়ে প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে সরকার গঠনের পথে এগোচ্ছে দলটি।
নতুন সরকারের মন্ত্রিসভায় কারা স্থান পাবেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সর্বমহলে আলোচনা তুঙ্গে। ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য মন্ত্রীদের নাম উল্লেখ করে নানা তালিকাও প্রকাশিত হয়েছে। তবে বিএনপির নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, এসব তালিকার অধিকাংশই অনুমানভিত্তিক। চূড়ান্তভাবে কারা মন্ত্রিসভায় থাকবেন, সে সিদ্ধান্ত কেবল দলের চেয়ারম্যানই জানেন।
সূত্রগুলোর দাবি, মন্ত্রিসভা গঠন নিয়ে দলের স্থায়ী কমিটির অধিকাংশ নেতার সঙ্গে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। দু-একজন সিনিয়র নেতার সঙ্গে মতবিনিময় হলেও তারা বিষয়টি চেয়ারম্যানের একক সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন। ফলে সম্ভাব্য মন্ত্রীদের তালিকা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চূড়ান্ত করা হচ্ছে। দলীয় নীতিনির্ধারকদের ভাষ্য, এটি চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ ‘গোপন ফাইল’—যার তথ্য বাইরে প্রকাশের সুযোগ নেই।
দলটির নির্বাচিত সংসদ সদস্যদের অনেকেই মন্ত্রিত্ব পাওয়ার আশায় সক্রিয় রয়েছেন। কেউ নিজেকে যোগ্য দাবি করছেন, কেউবা নানামুখী যোগাযোগ ও তদবির চালাচ্ছেন। তবে সরাসরি চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে কথা বলার সুযোগ খুবই সীমিত। অধিকাংশই সিনিয়র নেতাদের মাধ্যমে নিজেদের যোগ্যতা, অতীতের আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং জেল-জুলুম সহ্য করার অভিজ্ঞতার কথা তুলে ধরছেন।
নির্বাচিতদের গেজেট প্রকাশের পর থেকেই সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘিরে জল্পনা-কল্পনা বেড়েছে। বিভিন্ন তালিকায় কিছু নামের মিল থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই ভিন্নতা দেখা যাচ্ছে। টেকনোক্র্যাট কোটায়ও কয়েকজনের নাম আলোচনায় এসেছে। তবে বাস্তবে কারা মন্ত্রিসভায় থাকবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য কারও হাতে নেই বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘মন্ত্রিসভায় কারা থাকছেন, সে বিষয়ে আমার জানা নেই। আমাকে এখনো কোনো ফোন দেওয়া হয়নি। ফোন পেলে তখন বলতে পারব।’ তিনি আরও বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে তালিকা ঘুরছে, সেগুলো অনুমাননির্ভর বলেই তার ধারণা।







