নিউজ ডেস্ক
দৈনিক বাংলাদেশের ভোর।
মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো ৩ জনের জঙ্গি সংশ্লিষ্টতা নেই। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ৬ জুলাই রবিরার বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমনটি জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এসেছে তারা জঙ্গি নয়, তাদের মূলত ভিসার মেয়াদ শেষ হয়েছে। দেশেও জঙ্গিবাদের সঙ্গে এদের কোনো সম্পৃক্ততা নেই। গত ১০ মাসে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই।

অপরদিকে প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপরও এই অভিযোগে আটক হয়ে যাঁরা ফেরত আসবেন, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁদের বিরুদ্ধে জঙ্গিবাদে সংশ্লিষ্টতার প্রমাণ পেলে বিচারের মুখোমুখি করা হবে। মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে তিনজন ইতিমধ্যে দেশে ফেরত এসেছে বলে তিনি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ ইসমাইল জঙ্গি–সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করার কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশপ্রধান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শ্রমিকদের মধ্যে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর মতাদর্শ প্রচার এবং তহবিল সংগ্রহ করে, বাংলাদেশি শ্রমিকদের এমন একটি চক্র ভেঙে দিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ। আটক বাংলাদেশি শ্রমিকেরা সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর কাছে অর্থ পাঠাতেন বলে দাবি করছে মালোশিয়া পুলিশ। যদিও এই মামলা এখনো পর্যন্ত মালয়েশিয়া পুলিশ সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ নিশ্চিত করতে পারেনি।







