রাতের আঁধারে বস্তায় মোড়ানো ‘লাশ’, এক লাখ টাকা দাবির অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আল আমিন
স্টাফ রিপোর্টার

দৈনিক বাংলাদেশের ভোর।

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে বস্তায় মোড়ানো কথিত লাশ দেখিয়ে এক রাজমিস্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার ধনুয়া মধ্যপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে রাজমিস্ত্রী আব্দুল মালেক (৫০) এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) দিবাগত গভীর রাতে প্রতিবেশী শরীক আলী (৪৫) আব্দুল মালেককে ডেকে বিভিন্ন স্থানে নিয়ে ঘোরাঘুরি করেন। একপর্যায়ে মালেকের বাড়ির উত্তর পাশে রক্তাক্ত অবস্থায় বস্তায় মোড়ানো একটি লাশ পড়ে আছে বলে তাকে জানানো হয়। শরীক আলী বস্তাটি তুলে কথিত লাশটির মাথা নেই বলেও মালেককে জানান।

রাজমিস্ত্রি শ্রীপুর মডেল থানায় করা অভিযোগ পত্র
রাজমিস্ত্রি শ্রীপুর মডেল থানায় করা অভিযোগ পত্র

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি কাউকে না জানাতে মালেককে চাপ দেওয়া হয়। একই সঙ্গে রাতের মধ্যেই কথিত লাশটি সরিয়ে ফেলার জন্য তার কাছে এক লাখ টাকা দাবি করা হয়। ওই লাশ তার ভাতিজা মাহবুবের মাধ্যমে সরানোর ব্যবস্থা করা হবে বলেও তাকে জানানো হয়। তবে পরে ঘটনাস্থলে গিয়ে কথিত লাশটি আর পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি সন্দেহজনক মনে হলে আব্দুল মালেক রাতেই স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানান। একই সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার কথা বলেন তিনি। পরে অনুসন্ধানের সময় পথিমধ্যে দেখা হওয়া এক ব্যক্তিকে মাহবুবের বাড়ির ভাড়াটিয়া মোবাশ্বের হিসেবে শনাক্ত করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন মালেক।

আব্দুল মালেকের দাবি, তাকে ভয় দেখিয়ে ও ফাঁদে ফেলে এক লাখ টাকা আদায়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে কথিত লাশের ঘটনাটি সাজানো হয়েছে।

এ ঘটনায় শরীক আলী, মাহবুব ও মোবাশ্বেরের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগের বিষয়ে শরীক আলীর সঙ্গে কথা হলে তিনি ঘটনাস্থলে কাউকে পড়ে থাকতে দেখে আব্দুল মালেককে দেখানোর বিষয়টি স্বীকার করেন। তবে তার কাছে কোনো টাকা দাবি করার কথা অস্বীকার করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ