আবিদ হাসান
কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
দৈনিক বাংলাদেশের ভোর।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বিপ্লবী বীর শরীফ ওসমান হাদীকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা জুলাই বিপ্লবী ছাত্র জনতার আয়োজনে কুলিয়ারচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
উপজেলা ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুলিয়ারচর শপিং কমপ্লেক্স হয়ে পুনরায় কেন্দ্রীয় মসজিদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা ফয়সাল আহমেদ রাজিব, ছাত্র প্রতিনিধি ফাহিম আহমেদ, এনসিপি’র উপজেলা প্রধান সমন্বয়কারী আরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি দ্বীন ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মশিউর রহমান মুহসিন, কিশোরগঞ্জ জেলা এনসিপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ তোফাজ্জল হোসেন তপু, কিশোরগঞ্জ জেলা যুবশক্তির সংগঠক প্রিন্স আসিফ ইকবাল, উপজেলা যুব অধিকারের সভাপতি এম আর হৃদয় ও খেলাফত মজলিসের নেতা ইকবাল হোসেন হাবিবী।
বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বীর শরীফ ওসমান হাদী ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের একজন সাহসী, আপসহীন ও নির্ভীক বিপ্লবী। তাঁকে প্রকাশ্যে গুলি করে হত্যার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন দমন ও জনগণের কণ্ঠরোধের অপচেষ্টা চালানো হয়েছে। তারা অবিলম্বে এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবশক্তির সদস্য সচিব মোঃ মাহমুদুল হক, কুলিয়ারচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ নাঈম, ওবায়দুর রহমান স্বাধীন, জুনায়েদ আহমেদ শাবিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জুলাই বিপ্লবী ছাত্র জনতা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে বীর শরীফ ওসমান হাদীসহ জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।







