মোঃ আল আমিন
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাং নেতা তেহিম মাতবরের (১৮) গুলিবর্ষণের ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়রা তার বিরুদ্ধে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন। তবে দুপুরের পর থেকে তেহিমের ফেসবুক পেজ থেকে গুলিবর্ষণের ভিডিওগুলো সরিয়ে ফেলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং তেহিমকে গ্রেফতার করতে একাধিক টিম কাজ করছে। তাকে আটক করার পর ভিডিওটির সত্যতা যাচাই করা হবে।
তেহিম মাতবর গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের আসাদুজ্জামান মাতবর ওরফে জামাল ডাক্তারের সন্তান। ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি আত্মগোপনে চলে গেছেন। ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ভবনের ছাদে কালো ফুলহাতা শার্ট পরা এক যুবক ডান হাতে পিস্তল তুলে আকাশের দিকে গুলি ছুড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তেহিম একটি কিশোর গ্যাং পরিচালনা করে এবং জমি দখল, মারামারি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত। এলাকায় গার্মেন্টস কর্মীসহ বিভিন্ন অঞ্চলের লোকজন বসবাস করলেও ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই তেহিম ও তার গ্যাংয়ের অত্যাচারের কাহিনি সামনে আনতে শুরু করেছেন।
এক স্থানীয় বাসিন্দা কলিম উদ্দীন মাতবর জানান, সামান্য বিষয় নিয়ে তেহিমের সঙ্গে তার বিবাদ হয়েছিল। পরে তেহিম তাকে মারধর করতে এগিয়ে আসে এবং সহযোগীদের নিয়ে পিস্তল তাক করে গুলি করার হুমকি দেয়। সালিশেও বিষয়টির কোনো সমাধান হয়নি।
স্থানীয় ইউপি সদস্য গাজী ইসলামইল বলেন, “তেহিম মাতবর বিভিন্ন অপরাধে জড়িত এবং সে কারও কথা শোনে না। ভিডিওতে গুলি ছোড়া ব্যক্তি নিঃসন্দেহে তেহিমই। তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারিক বলেন, “ঘটনাটি নজরে আসার পরই পুলিশের একাধিক সিভিল টিম পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকাতে অভিযান চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ভিডিও ভাইরাল হওয়ার পর তেহিমের পরিবারের সদস্যরাও বাড়ি তালা দিয়ে অজানা স্থানে চলে গেছেন বলে জানা গেছে।







