আবিদ হাসান
কুলিয়ারচর প্রতিনিধি।
দৈনিক বাংলাদেশের ভোর।
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর, ২০২৫ খ্রি.) কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী এ প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। সভাপতির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূইয়া। দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারী, প্রযুক্তি ব্যবসায়ী ও সরবরাহকারীরা অংশ নেন। মোট ৩০টি স্টলে প্রদর্শিত হয় উন্নত জাতের গবাদিপশু, প্রযুক্তি ও খামারজাত পণ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আদনান আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার এবং কুলিয়ারচর উপজেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আরশ মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম, সাংবাদিক মোহাম্মদ আরিফুল ইসলাম,আবিদ হাসান, ফারজানা আক্তার, সবুজ মিয়া, আজিজুলসহ এলএসপি, এলএফএস ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, শৌখিন পাখি (যেমন: কবুতর, ময়না, টিয়া, ঘুঘু), খরগোশ, বিড়াল, টার্কি, কোয়েল ও ঘোড়ার স্টল ছিল বিশেষ আকর্ষণ। এছাড়াও বিভিন্ন আধুনিক প্রাণী প্রযুক্তির স্টল, দুগ্ধজাত পণ্য (মিষ্টি, দই, ঘি, ছানা) এবং মাংস প্রক্রিয়াজাত পণ্যও প্রদর্শিত হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং খামারীদের উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তিগত উন্নয়নকে সাধুবাদ জানান।







