মোঃ আল আমিন
দৈনিক বাংলাদেশের ভোর
গাজীপুরের শ্রীপুরে গাছের ডালে দুই পা বাঁধা অবস্থায় মোহন (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সকালে মাওনা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহন ঐ এলাকার মোস্তফার ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মোহন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার রাত ৯টার দিকে তিনি রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন এবং আর ফিরে আসেননি। পরদিন সকালে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে গামছা ও প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ দেখতে পায় এলাকাবাসী ও পরিবার। তার দুই পা বাঁধা ছিল। স্থানীয়রা ৯৯৯ কল করে ঘটনাটি পুলিশকে অবহিত করলে শ্রীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।
মোহন – শ্রীপুরে মির সিরামিক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। গত রোজার ঈদের পর তাকে একটি মাদক মামলায় গ্রেপ্তার করা হয়, তবে গত কোরবানির ঈদের আগে তিনি জামিনে মুক্তি পান। তার বড় ভাই কাজল বলেন, জেল থেকে মুক্তির পর থেকেই মোহনের আচরণ অস্বাভাবিক ছিল এবং পারিবারিক কলহ বেড়ে যায়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল বারিক বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।







