বিশেষ রিপোর্ট
২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামীকাল রবিবার (২২ জুন) শুরু হচ্ছে। এ প্রক্রিয়া চলবে ২৫ জুন পর্যন্ত। প্রাথমিক ভর্তি ফি ৫হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ ও মূল কাগজপত্র জমা না দিলে প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে। এমনটি হলে পরবর্তীতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে এমনকি কোটার মাধ্যমেও ভর্তির সুযোগ থাকবে না। প্রাথমিক ভর্তি ফি ৫হাজার টাকা (অনলাইনে পরিশোধযোগ্য) ২২ জুন দুপুর ১২টা থেকে ২৫ জুন রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে। এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র গুচ্ছভুক্ত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ২৩ জুন সকাল ১০টা থেকে ২৬ জুন বেলা ৩টা পর্যন্ত জমা দিতে হবে। ভর্তি বাতিল করতে হলে প্রার্থীদের নিজে গিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে আবেদন করতে হবে যেখানে কাগজপত্র জমা দিয়েছেন। একবার বাতিল করলে গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ থাকবে না। এছাড়া, কোনো একটি বিভাগের ভর্তি নিশ্চিত করে যদি ‘Stop All Migration’ নির্বাচন করা হয়, তাহলে ওই বিভাগের বাইরে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের বিভাগে মাইগ্রেশন করা যাবে না। একইভাবে ‘Stop University Migration’ করলে ওই বিশ্ববিদ্যালয়ের পছন্দের বিভাগ ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ মিলবে না।







