মোঃ আল-আমিন
স্টাফ রিপোর্টার গাজীপুর।
গাজীপুরের শ্রীপুরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর পৌর ছাত্রদলের আয়োজনে শনিবার বিকেলে এ মাহফিল ঘিরে এলাকায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মো. নাজমুল হক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুনুর রশিদ, সাবেক যুগ্ম সম্পাদক মজিব উদ্দিন সগির আহমেদ। এছাড়া শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি রাজ্জাকসহ ছাত্রনেতা নিলয় মৃধা, জাহিদুল রানা, শরিফ, সাব্বির, সাজিদ, রফিকুল, তোফায়েল, ফাহিম, রিয়াদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আহ্বায়ক মামুন আকন তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের প্রতীক। দেশের মানুষের ভালোবাসা নিয়েই আজও তিনি রাজনীতির অভিভাবক হিসেবে বিবেচিত। আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের দায়িত্ব নেওয়ার সুযোগ পান।”
জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সগির আহমেদ বলেন, “তিনি প্রকৃত দেশপ্রেমী ছিলেন। কঠিন সময়েও দেশ ত্যাগ না করে মানুষের পাশে থেকেছেন। জনগণের জন্য কারাবরণ করেছেন। আমরা আল্লাহর কাছে তার নেক হায়াত ও সুস্থতা কামনা করছি।”
প্রধান অতিথি নাজমুল হক বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ সময় কারাবরণ করেছেন। আমরা সবাই মিলে তার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করি।”
শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মাহফিলে উপস্থিত সবাই আবেগভরে তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানান।







